বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ এর ঘোষণা
দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি এলাকার সূর্য প্রামাণিকের খোলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পদত্যাগকারী নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী ছিলেন। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর ও উপজেলা শাখা’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই তারা রাজপথে সক্রিয় ছিলেন। কিন্তু তৃণমূলের প্রত্যাশা উপেক্ষা করে দলের হাইকমান্ড তাকে মনোনয়ন না দিয়ে হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করায় তারা হতাশ ও ক্ষুব্ধ। তার অভিযোগ, আওয়ামী লীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে ফ্যাসিবাদী শক্তির আঁতাতের কারণে বর্তমানে তাদের ওপর নানা ধরনের ভয়ভীতি ও নির্যাতন নেমে এসেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার পরও এখন তারা দলের কাছ থেকেই অবহেলার শিকার হচ্ছেন। এতে তারা মানসিকভাবে ব্যথিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অভিমান প্রকাশ করে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতি তাদের আস্থা অটুট রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে তারা আবারও বিএনপির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলেও উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, পাবনা-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে ঈশ্বরদী উপজেলা যুবদলের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
-দৈনিক পঞ্চকন্ঠ

একটি মন্তব্য পোস্ট করুন