Top News

নির্বাচনের আগের রাতে ডোমারে যুবদল নেতার জামায়াতে যোগদান

নির্বাচনের আগের রাতে ডোমারে যুবদল নেতার জামায়াতে যোগদান

নীলফামারীর ডোমার উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে জাতীয়তাবাদী যুবদলের এক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।



মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শফিকুল ইসলাম শফিক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি ডোমার সদর ইউনিয়ন যুবদলের ইউনিয়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এলাকায় একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে শফিকুল ইসলাম শফিককে ফুল দিয়ে বরণ করে দলে অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম এবং সাবেক উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিক।

দলবদলের বিষয়ে শফিকুল ইসলাম শফিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, “আমার প্রিয়জনরা এ সিদ্ধান্তে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। গত ৫ আগস্টের পর আমার সঙ্গে কী করা হয়েছে, তা আপনারা অনেকেই জানেন। আমি বিভিন্ন জায়গায় কথা বলেও কোনো সমাধান পাইনি।”

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে দলীয় অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে তিনি সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে কোনো সুরাহা না হওয়ায় আল্লাহর ওপর ভরসা করে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, এখন আর তার ফিরে যাওয়ার সুযোগ নেই।

উপজেলা জামায়াতের নেতারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই তাদের প্রধান শক্তি। যুবদল নেতা শফিকের যোগদানকে তারা “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত” বলে উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, তিনি শফিকের জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি শুনেছেন। তবে কোন প্রেক্ষাপটে তিনি যুবদল ছেড়েছেন, সে বিষয়ে তিনি অবগত নন।






Post a Comment

নবীনতর পূর্বতন