Top News

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে আপত্তিকর পোস্টের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে আপত্তিকর পোস্টের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আপত্তিকর পোস্ট প্রকাশের ঘটনায় বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আটক ব্যক্তি হলেন—বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে ওই পোস্টটি সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে দাবি করে, ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করে তার নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

জানা গেছে, গত ৩১ জানুয়ারি বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের প্রতি অসম্মানজনক একটি পোস্ট ভাইরাল হয়। এতে কর্মজীবী নারীদের আধুনিক পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করে চরম অবমাননাকর মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ঘটনাটি তদন্তের লক্ষ্যে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচার টিমের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নামে এবং এর ধারাবাহিকতায় অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন