ছাত্রদল সভাপতির মঞ্চে বসা নিয়ে সমালোচনার ঝড় ব্যাখ্যা দিলেন ফেসবুক পোস্টে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে বিএনপির আয়োজিত এক জনসভায় মঞ্চে তারেক রহমানের পাশে বসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও ট্রলের সৃষ্টি হয়। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাকিব জানান, তার জন্মস্থান ময়মনসিংহ হওয়ায় ওই জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন নেওয়ার পরপরই তাকে ডেকে পাশে বসতে নির্দেশ দেন।
ফেসবুক পোস্টে রাকিব উল্লেখ করেন, সে সময় তিনি কেডস পরিহিত থাকায় বসতে কিছুটা অস্বস্তি হচ্ছিল। পরে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের অনুরোধে চেয়ারম্যানের সামনেই সুবিধাজনকভাবে বসেন। তিনি স্পষ্ট করে বলেন, চেয়ারম্যানের অনুমতি নিয়েই তিনি সেখানে বসেছিলেন।
ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ তুলে ছাত্রদল সভাপতি লেখেন, পুরো বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তার ভাষায়, মঞ্চে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, একাধিক জেলা বিএনপির সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪টি আসনের সংসদ সদস্য প্রার্থী উপস্থিত থাকলেও শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে তাকে বিশেষভাবে ডেকে পাশে বসতে বলা হয়—যা তার জন্য সম্মানের।
তিনি আরও অভিযোগ করেন, মূল ভিডিও উপেক্ষা করে কেবল খণ্ডিত অংশ প্রচার করে ভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এ কারণে তিনি সম্পূর্ণ ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন বলেও জানান।
পোস্টে রাকিব লেখেন, জিয়া পরিবার সবসময় নির্যাতিত ও মজলুমদের আশ্রয়স্থল এবং ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ও অবদানের মূল্য দিতে জানে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত সাড়ে পনের বছরে যারা ছাত্রদলের ব্যানারে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে তিনি বিশ্বাস করেন।
সবশেষে রাকিব স্মরণ করিয়ে দেন, তারেক রহমান মাত্র এক মাস আগে দেশে ফিরেছেন। তাই ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তার ভিশন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন